

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত ৫৬ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য একযোগে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য রয়েছেন। গণপদত্যাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক।
অনুষ্ঠানে পদত্যাগের পটভূমি তুলে বক্তৃতা দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী সরকার, হারাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম, রাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম এবং খুনিয়াগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া।
পদত্যাগ অনুষ্ঠানের সভাপতি শাহাবুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পরের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। নিজ নিজ দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টি) সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। এই কারণে দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় দলীয় কাজে যাওয়ায় মামলা হয়েছে। যাতে এ ধরনের ঝামেলা না হয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে দলীয় কার্যক্রম থেকে সরে এসেছি। কোন দলে যোগ দেব তা পরে সিদ্ধান্ত নেব।
খুনিয়াগাছ ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য লাল মিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের নামে মামলা ও হামলার বিষয় বিবেচনা করে দল থেকে সরে এসেছি। কোনো দলে যোগদান করিনি, ভবিষ্যতে সিদ্ধান্ত নেব। সামনের নির্বাচনে আবার অংশ নেব এবং মানুষের পাশে থাকব, কোনো ঝামেলায় জড়াতে চাই না। এজন্যই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।
উল্লেখ্য, লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের সদস্যরা এই পদত্যাগে অংশ নেন। শুধু বড়বাড়ি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা বিএনপি সমর্থিত হওয়ায় তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল বলেন, ইউপি সদস্যরা অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিলেন এবং পরে জানতে পেরেছেন ৮টি ইউনিয়নের দলীয় সমর্থিত সদস্যরা পদত্যাগ করেছেন।
মন্তব্য করুন