

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। মেধা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা যথাযথভাবে মূল্যায়ন না করে সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিয়োগবঞ্চিত কয়েকজন প্রার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও এমপিওভুক্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন না বলে শর্ত উল্লেখ থাকলেও রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত গণিত শিক্ষক মো. নুর হোসেনকে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মো. নুর হোসেন তাঁর নিয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, তাঁর নিয়োগে কোনো সমস্যা থাকার কথা নয়।
তবে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এমপিওভুক্ত শিক্ষককে বাদ দেওয়া হবে। শিক্ষকতা গোপন রাখায় তাঁকে শোকজ করা হবে।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহারিক দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতার মূল্যায়ন যথাযথভাবে করা হয়নি। এমনকি নির্ধারিত লিংকে আবেদন বা তথ্য জমা দিতে না পারা কয়েকজনের নামও চূড়ান্ত তালিকায় এসেছে বলে তাঁরা দাবি করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন পরীক্ষার্থী রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলেছেন।
এসব অভিযোগের বিষয়ে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, এমপিওভুক্ত শিক্ষকের বিষয়ে আমরা জানতাম না। তাঁকে বাদ দেওয়া হবে। স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও কারও বিষয়ে অভিযোগ থাকলে তা যাচাই করে তাঁকে বাদ দেওয়া হবে।