সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও ৩ বোনকে হারানো সিফাতের পাশে উপজেলা প্রশাসন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:১৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা ও তিন মেয়ের নৃশংস হত্যাকাণ্ডে পরিবারহারা একমাত্র জীবিত সদস্য জুনাইদ ইসলাম সিফাতের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাত্রায় সহায়তার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে রায়পুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান সিফাতের হাতে ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মর্মান্তিক ঘটনায় সিফাত তার মা ও তিন বোনকে হারিয়ে আজ সম্পূর্ণ পরিবারহারা। মানবিক দায়িত্ববোধ থেকেই তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শুধু এই অনুদানেই নয়, ভবিষ্যতেও তার শিক্ষা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুদান গ্রহণের সময় সিফাত উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মা ও তিন বোনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ জুন রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তার তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন অন্তর মজুমদারকে স্থানীয়রা গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে ইতোমধ্যে দুটি মামলা দায়ের হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Brazil VS Japan
37'
0 - 1
29' Kaishu Sano
World Cup