রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
expand
মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংস হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে রায়পুরের সাধারণ ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনতা, নিহতদের সহপাঠী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত বড় মেয়ে সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, আমরা আমাদের মেধাবী ও ভদ্র একজন বান্ধবীকে হারিয়েছি। শুধু সায়মা নয়, তার পরিবারের অন্য সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

অপর সহপাঠী খাদিজা আক্তার প্রমি বলেন, আজ নারী সমাজ নিরাপদ নয়। একটি পরিবারের চারজন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই। নিহতরা সবাই মেধাবী ও ভালো মানুষ ছিলেন। তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সমাজকর্মী নাসির আল ইমরান বলেন, এত বড় একটি হত্যাকাণ্ডের পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমাদের চোখে পড়েনি। ঘটনার রহস্যও এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। জনগণের উদ্বেগ দূর করতে প্রশাসনকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, এটি পুরো সমাজের নিরাপত্তাব্যবস্থার জন্য একটি বড় প্রশ্ন। দ্রুত রহস্য উদঘাটন ও বিচার নিশ্চিত না হলে মানুষের মধ্যে আস্থাহীনতা আরও বাড়বে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup