শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম
গ্রেপ্তারকৃত দুই আসামি
expand
গ্রেপ্তারকৃত দুই আসামি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলায় সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশংকরপুরের মৃত হোব্বারের ছেলে রিন্টু (২০) ও কুমারখালীর ছেঁউড়িয়া বিশ্বাসপাড়ার ওবায়দুলের ছেলে ফাহিম (২০)। তারা দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে লালন মেলার মাঠে পেশাগত দায়িত্ব পালনের সময় মাদক ব্যবসায়ীরা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক রাজুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।পরে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, “সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”

সাংবাদিক রাজু আহমেদ বলেন, “লালন মেলায় প্রায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। প্রশাসনের সামনেই মাদক বিক্রি চলছে।

বিষয়টি আমি প্রশাসনকে জানালে প্রতিশোধ হিসেবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুকছি।”

এ ঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিরাপত্তার অভাবে কুষ্টিয়া প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ বর্জনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী স্মরণোৎসব ও লালন মেলা অনুষ্ঠিত হবে। তবে মেলা শুরুর আগেই মাঠজুড়ে গাঁজার দোকান বসায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থী ও স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন