সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে ফিরলেন মানসিক প্রতিবন্ধী যুবক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৭:২১ পিএম
নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে বকুল মন্ডল মানসিক প্রতিবন্ধী এক যুবক।
expand
নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে বকুল মন্ডল মানসিক প্রতিবন্ধী এক যুবক।

নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে বকুল মন্ডল (৩৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

রোববার (১৭ মে) সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

ফেরত আসা বকুল মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।

বিজিবি জানায়,গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন বকুল মন্ডল।পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতায় এক বাংলাদেশি যুবক অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বকুলকে শনাক্ত করেন। পরবর্তীতে বকুল বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা সীমান্তের একটি বাড়ি থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় এবং বিজিবিকে অবহিত করে।

এরই প্রেক্ষিতে শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার চড়াইকুড়ি সীমান্তে বিজিবির চিলমারি ক্যাম্প এবং বিএসএফের চরভদ্র ক্যাম্পের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে। আজ রোববার সকালে বিজিবি তাকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের হাতে তুলে দেয়।

ছেলের ফিরে আসায় আবেগাপ্লুত বাবা লুৎফর রহমান মন্ডল বলেন, বকুল মানসিক প্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার পর আমরা ওকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। ফেসবুকে ওর ছবি দেখে চিনতে পারি। ছেলেকে ফিরে পেয়ে আমরা বিজিবির প্রতি কৃতজ্ঞ।

রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান,বকুল মানসিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত সীমান্ত পার হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পর থেকেই বিজিবির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। সঠিক সমন্বয়ের মাধ্যমে তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে বিজিবির চরচিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন জানান,দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চমৎকার সমঝোতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে ওই যুবককে সশরীরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup