সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার চারটি আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
expand
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪টি রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৮২ হাজার ৫৪৩টি। এ আসনে ধানের শীষ প্রতীককে ১ লাখ ৫৭ হাজার ৮১৭ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৫৩ ভোট পেয়ে জামায়াত প্রার্থী মোঃ বেলাল উদ্দিন পরাজিত হয়েছেন।

এছাড়াও এ আসনে তারা প্রতীককে ২০৩ ভোট পেয়ে সমাজতান্ত্রিক দলের-‌জেএস‌ডি মো. গিয়াস উদ্দীন, মোমবাতি প্রতীককে ২৪১ ভোট পেয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. বদিরুজ্জামান, হাতপাখা প্রতীককে ৪ হাজার ৬৩ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, ১৭ হাজার ৮৬৪ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীককে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, ট্রাক প্রতীককে ৬১৩ ভোট পেয়ে গণঅধিকার পরিষদের (জিওপি) মো. শাহাবুল ইসলাম, এবং লাঙ্গল প্রতীককে ১ হাজার ৯৪ ভোট পেয়ে জাতীয় পার্টির মো. শাহারিয়ার জামিল জামানত হারিয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১১টি। এ আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে জামায়াত প্রার্থী আব্দুল গফুর জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ১লাখ ৪৩ হাজার ২৮২ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পরাজিত হয়েছেন।

এছাড়াও এ আসনে কাস্তে প্রতীকে ৮০ ভোট পেয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ, চেয়ার প্রতীকে ১ হাজার ১২৩ ভোট পেয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার, হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৮৭ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলীর জামানত হারিয়েছেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২১ হাজার ৩২৩ টি। এ আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন পরাজিত হয়েছেন।

এছাড়াও এ আসনে মই প্রতীকে ৪৪২ ভোট পেয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম, হাতি প্রতীকে ৪৭৫ ভোট পেয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন, ট্রাক প্রতীকে ২৯৯ ভোট পেয়ে গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম ও হাতপাখা প্রতীকে ৫ হাজার ১৫৩ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ্ আকন্দের জামানত হারিয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এই আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৮ হাজার ২৬০ টি। এ আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট পেয়ে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পরাজিত হয়েছেন।

এছাড়াও এ আসনে হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৬৪৩ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, রকেট প্রতীকে ৬৭১ ভোট পেয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ, উদীয়মান সূর্য প্রতীকে ২৫৫ ভোট পেয়ে গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা ও আনারস প্রতীকে ৩০৮ ভোট পেয়ে বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলামের জামানত হারিয়েছেন।

উল্লেখ্য,কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত ও একটিতে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। মোট ভোটকেন্দ্র ছিল ৫৯৯টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X