

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদেশে যেতে না পারার ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি মাইকে গালাগালের একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, যা অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে লোন চেয়েছি, সব কাগজ ঠিক থাকলেও তারা দিচ্ছে না। বরং আমার নামে বাজে কথা ছড়াচ্ছে। আমি কারও কাছে এক টাকাও ধারী না, কারও ক্ষতি করিনি-তাহলে কেন আমার সঙ্গে এমন আচরণ?
রাব্বি অভিযোগ করেন, এলাকার কিছু মানুষ তাকে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে, তার সুযোগগুলো নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, এমন অবিচার সহ্য করতে না পেরে রাগের মাথায় মাইক ভাড়া করে ওই কথাগুলো বলেছি।
ভিডিওর ক্যাপশনে রাব্বি দুঃখ প্রকাশ করে লেখেন, প্রথমেই ক্ষমা চাইছি- আমি খারাপ ভাষায় কথা বলেছি, কিন্তু আমার কষ্ট কেউ বুঝে না।
তিনি জানান, তার একটি ছোট সন্তান রয়েছে এবং পরিবারের ভবিষ্যতের জন্য তিনি বিদেশে যেতে চান। ভিডিওতে তিনি একটি ভিসা ও মেডিকেল কাগজ দেখিয়ে বলেন, ৩০ অক্টোবরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আগেও দুইবার ভিসা নষ্ট হয়েছে অন্যের কারণে। এমনকি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে, যা আমি দিতে পারিনি।
রাব্বি আরও জানান, মাইক ভাড়া করতে তিনি ৫০০ টাকা খরচ করেছেন, এবং এলাকার কয়েকজন বন্ধু ও পরিচিত ব্যক্তি তার সঙ্গে ছিলেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ বলছেন, রাব্বির এমন আচরণে গ্রামের মানহানি হয়েছে, আবার অন্যরা মনে করছেন, অর্থনৈতিক কষ্ট আর মানসিক চাপে পড়ে সে এমন কাজ করেছে।
একজন স্থানীয় শিক্ষক বলেন, রাব্বির উচিত ছিল আইনসঙ্গতভাবে তার সমস্যার সমাধান খোঁজা, কিন্তু সে হতাশায় ভুল সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন
