

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ-৪ আসনের পদ স্থগিত হওয়া বিএনপি নেতা ফজলুর রহমানের আসনে এবার মনোনয়ন চাইছেন দলটির আরেক নেতা, মো. ফজলুর রহমান শিকদার।
শনিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রার্থিতা ঘোষণা করেন।
ফজলুর রহমান শিকদার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পদ স্থগিত ফজলুর রহমানের কারণে দলের অনেক ত্যাগী নেতা যথাযথ স্বীকৃতি পাননি এবং কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। তিনি বলেন, আসনের বিএনপি কার্যক্রমের অবস্থা নড়বড়ে হওয়ায় দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রার্থী হয়েছেন।
এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া পদ স্থগিত ফজলুর রহমানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ফজলুর রহমান দলের দুর্দিনে নেতৃত্ব গ্রহণ করার পর যারা দলের কল্যাণে কাজ করেছিলেন, তাদের অনেককে উপেক্ষা করা হয়েছে। এছাড়া তার পছন্দ না হওয়ায় অনেককে জেলা বিএনপির পদ থেকে দূরে রাখা হয়েছে।
হাবিবুর রহমান আরও বলেন, আমরা চাই বিএনপির আদর্শ ও লক্ষ্য ধারণ করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হোক, যিনি হাওর এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। তিনি ফজলুর রহমান শিকদারের প্রার্থিতা স্বাগত জানান।
কিশোরগঞ্জ-৪ আসনটি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এ আসনে অতীতেও বিভিন্ন দলের নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফজলুর রহমান ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয়ী হননি। সম্প্রতি তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, পদ স্থগিত হওয়ার পর থেকে এ আসনে প্রায় ১০ জন মনোনয়নপ্রত্যাশী প্রকাশ্যে এসেছে।
মন্তব্য করুন
