শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের গণমিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমাবেশ ও বিশাল গণমিছিল
expand
পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমাবেশ ও বিশাল গণমিছিল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাকুন্দিয়া কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে এসে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পাকুন্দিয়া উপজেলা সদর বাজার, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট মাঠে এসে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর।

গণমিছিলে পাকুন্দিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশ নেন। এতে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পাকুন্দিয়ায় নির্বাচনী উত্তাপ আরও জোরালোভাবে দৃশ্যমান হয়ে ওঠে।

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ–২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এছাড়া বক্তব্য দেন সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসানসহ জামায়াত, খেলাফত মজলিস, এনসিপি ও জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তাঁরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল আয়োজন ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সমাবেশ ও গণমিছিলটি সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা দাবি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X