শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৫৫ এএম
গ্রেপ্তারকৃত  মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)
expand
গ্রেপ্তারকৃত মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)

খুলনার সোনাডাঙ্গা থানার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৫ জুন) বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশীপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদার ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাবের যৌথ দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদার খুলনার দৌলতপুর থানার বাসিন্দা। তিনি মো. আলমগীর হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত এ ট্রিপল মার্ডার মামলায় এক শাশুড়ি ও তার দুই নাতি-নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদার পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন