

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনার লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তের গুলিতে যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন যুবক বসে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় পারভেজ নামে এক যুবক মোটরসাইকেলে করে কার্যালয়ের সামনে এসে পৌঁছান। পরে তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে মাসুম বিল্লাহ ও জাহিদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পারভেজ তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের উরুতে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলির ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয় বিএনপি নেতা ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, আহত দুজনই যুবদলের কর্মী।
তবে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “মোটরসাইকেলে করে এসে এক যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আহতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা, তা যাচাই করা হচ্ছে।”
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।