

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এ উৎসবে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপনে মেতেছে।
ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব আজ ‘হারিবৈসু’র মধ্য দিয়ে শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা সদরে শহরের পল্টনজয় পাড়া এলাকায় চেঙ্গীনদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় হারি বৈসু বা ফুল পূজা।
বিভিন্ন বয়সী ত্রিপুরা নর-নারী ফুল নিবেদন করে মঙ্গল কামনা করেন। এ সময় শিশু-কিশোরীরা নতুন বুননের রিনা-রিসা পানিতে ভাসিয়ে আনন্দে অংশ নেয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত আনুষ্ঠানিকতায় উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার সহধর্মিনী ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জানাত বিথী।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও ত্রিপুরা সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাতাইপুকুরিতেও মানত পূরণে ভিড় করেন অসংখ্য ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ।
অন্যদিকে, চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব বিঝুর মূল পর্বে আজ ঘরে ঘরে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে উৎসব উদযাপিত হচ্ছে। আত্মীয়-স্বজন ও অতিথিদের পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী নানা খাবার, বিশেষ করে বহু প্রকার শাক-সবজি দিয়ে তৈরি ‘পাজন’, যা বিঝুর অন্যতম প্রধান আকর্ষণ।
এদিকে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব উপলক্ষে মারমা সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মন্তব্য করুন