মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমুর সেই বাসভবন এখন ময়লার ভাগাড়!

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা আর ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র ছিল এই বাড়ি। তবে একসময় নেতা-কর্মীদের আনাগোনায় মুখর থাকা সেই বাড়িটি এখন আর আগের অবস্থানে নেই। রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি বর্তমানে ধ্বংসাবশেষ, ময়লা-আবর্জনা ও নিরাপত্তাহীনতার প্রতীকে পরিণত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এরপর থেকে দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে এখনো অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন রয়ে গেছে। ভাঙা দরজা-জানালা, ক্ষতিগ্রস্ত দেয়াল, পোড়া কক্ষ এবং চারদিকে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা যেন ভবনটির অতীত ও বর্তমানের তীব্র বৈপরীত্য তুলে ধরছে।দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় ভেতর ও আশপাশে জমেছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ। যা আশপাশের বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভবনের কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায়, সেখানে পড়ে রয়েছে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, রাতে পরিত্যক্ত এই ভবনে অসামাজিক কর্মকাণ্ডও ঘটে। নিরাপত্তা ও নজরদারির অভাবে ভবনটি অপরাধপ্রবণ ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে এই বাড়ি।

স্থানীয়রা জানান, গত মে মাসে রাতের আঁধারে কে বা কারা ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সেই টিনের বেড়া অপসারণ করেন। এ সময় লোহার প্রধান গেটের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে দুটি ব্যানার টানিয়ে দেন। এর মধ্যে একটি ব্যানারে লেখা ছিল—, ‘আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান।’ এরপর থেকেই অনেকেই সেখানে ময়লা-আবর্জনা ফেলতে শুরু করেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেতরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পরে ওই বাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাড়িটিতে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় অনেকেই সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্থানে পরিণত হয়েছে।’

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘বর্তমানে এটি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তা থেকে ফ্যাসিস্টদের শিক্ষা নেওয়া উচিত।’

উল্লেখ্য, আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ঝালকাঠিতে অবস্থানকালে তিনি এই বাসভবন থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে একসময়কার সেই ক্ষমতার কেন্দ্র আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন