বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়, ৩ পরিবহনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

দীর্ঘ ছুটি শেষে ঈদের ফিরতি যাত্রায় সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী তিনটি পরিবহনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিচালিত অভিযানে এসব বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ মেলে।

পরে রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিবহনগুলোকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামে আসা মানুষজন ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করলে প্রতি বছরের মতো এবারও কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে উপজেলার বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মাঈনুল নামে এক ব্যক্তির কাউন্টারে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।

অভিযানে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনকে ১৫ হাজার টাকা, ইসলাম পরিবহনকে ১০ হাজার এবং ইরান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই ঈদকে কেন্দ্র করে ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন।

রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, ‘ঈদকে পুঁজি করে কিছু অসাধু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমন অভিযোগের ভিত্তিতে কাউন্টারে গিয়ে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ghana VS Panama
90'+8'
1 - 0
90'+5' Caleb Yirenkyi
World Cup