

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে শহরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের যাত্রাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি দড়াটানা ও চৌরাস্তা হয়ে যশোর প্রেসক্লাবের অভিমুখে এগিয়ে যায়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল কোর্ট মোড়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিলে এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর জেলা এনসিপির আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির।
এছাড়া মনিরুজ্জামান (আজাদ)কে সদস্যসচিব এবং ইঞ্জি. আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন।
কেন্দ্রীয় অনুমোদনপত্রে বলা হয়েছে, আংশিক এই আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। এর আগে গত ৯ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে যশোর জেলা এনসিপির নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আনন্দ মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই তাদের অন্যতম লক্ষ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে।
তারা আরও বলেন, শুধু শহরকেন্দ্রিক কার্যক্রম নয়, তৃণমূলের মানুষের কাছে দলের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সাংগঠনিকভাবে কাজ করা হবে। নতুন কমিটির মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নতুন কমিটি অনুমোদনের পর প্রথম বড় কর্মসূচি হিসেবে এই আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলটির নেতাকর্মীরা জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করে আগামী দিনে যশোরের প্রতিটি পর্যায়ে এনসিপির কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

