শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সক্রিয়: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
expand
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে জনগণের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘদিন স্থবির থাকা উন্নয়ন কর্মকাণ্ডকে নতুন করে গতি দেবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকালে শার্শার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে, যা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্যোগে খনন করা হয়েছিল। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন।

মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন