

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের শার্শা উপজেলাধীন শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একটি সালিশে বিএনপির ৫ কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আহত আশিকুর রহমান বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মোটরসাইকেলে তেল নেয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- শার্শার কন্যাদহ গ্রামের আশিকুর রহমান, শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০) ও ইমামুল হোসেন (৩৫)। আরেকজনের নাম জানা যায়নি।
অভিযুক্তরা হলেন- শার্শার সামলাগাছী গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলী (৩২)।
পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেন কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫)। পরে হাত ইশারা করে অন্য এক পরিচিত জনকে ডাকেন তিনি। এতে ভুল বুঝাবুঝি হয়।
পরে তিনি ফেরার পথে তাকে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান। পরে ইকবাল হোসেন তার স্বজনদের ঘটনাটি জানালে তারা বিএনপি নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বারকে জানান।
পরে তিনি মীমাংসার জন্য তাদের বাড়িতে আসতে বলেন। বাড়িতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বাধে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মারামারির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
