

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার শহরের মণিহার ফলের বাজার, চৌরাস্তা ফলের দোকান, নুড়িতলার লাচ্ছা সেমাই কারখানা ও বিসিক এলাকার একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিসিক এলাকার টু স্টার এন্টারপ্রাইজ নামের সেমাই কারখানাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় সেমাই প্রস্তুত) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৪ ধারায় (মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ঘি ব্যবহার দেখানো) নুড়িতলার মেসার্স তামান্না এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চৌরাস্তার হৃদয় ফল ভান্ডার-কে ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার দায়ে ৫ হাজার টাকা এবং মণিহার ফলপট্টির মেসার্স শরীফ ফল ভান্ডার-কে ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং র্যাব-৬ এর একটি দল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।
মন্তব্য করুন