

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মণিরামপুর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল করে যানজট সৃষ্টির দায়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ব্যস্ত বাজার এলাকায় অনুমতি ছাড়া মিছিল বের করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়, যার ফলে সড়কে দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়।
এদিকে একই দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীকে আলোকসজ্জা করার দায়ে চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুড়াহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ দাস স্বতন্ত্র কলস মার্কার প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, সড়ক নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার বিকেলে বিজিবির সহযোগিতায় মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইনে পাঁচটি মামলায় মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনস্বার্থে কেউ আইন ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
