সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় সস্ত্রীক আহত যুবদল নেতা, তিন ঘণ্টা সড়ক অবরোধ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২২ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরে যাচ্ছিলেন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, ‘এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় আপাতত বড় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন