বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ জামালপুরের যুবক, দিশেহারা পরিবার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:৪৭ পিএম
নিখোঁজ রুবেল মন্ডলের পরিবারের আহজারি
expand
নিখোঁজ রুবেল মন্ডলের পরিবারের আহজারি

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) নামের এক প্রবাসী যুবক।

তার কোনো সন্ধান না মেলায় গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবার।

রুবেল মন্ডল উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও উপার্জনের অর্থ পাঠানোও শুরু করেছিলেন রুবেল।

তবে গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

বুধবার (০৬ মে) বিকালে সরেজমিনে রুবেলের বাড়িতে গেলে তার মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছোট ছেলেকে শখ করে বিদেশ পাঠাইছিলাম।

২২ দিন ধরে তার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমি আমার ছেলের খোঁজ চাই।

রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তাকে বাই খুব আদর করতাম। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই।”

চাচাতো ভাই শাহআলম ইসলাম লালন বলেন, আমাদের পরিবারের সবার ছোট রুবেল। তার এই খবরে পুরো পরিবার ভেঙে পড়েছে। আমরা দ্রুত তার সন্ধান চাই।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন