

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার ও হবিগঞ্জে কুশিয়ারা ও খোয়াই নদীর তীর ও বাঁধের অবস্থা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় নদীভাঙন প্রতিরোধে চলমান কাজের অগ্রগতি ও ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর দুই তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন ঠেকাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন তিনি।
প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন ফরহাদ হোসেন আজাদ।
পরে সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন তিনি। সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের পরিস্থিতি সরেজমিনে দেখে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেন।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে খোয়াই নদীর বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী নির্দেশনা মোতাবেক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসেছি। এখানে নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় হুইপ, আলহাজ্ব মো. জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

