

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দিনভর বিক্ষোভের পর বুধবারের (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রথম দিনের কর্মসূচি স্থগিত করে তারা সড়ক ছেড়ে যান। একই সঙ্গে নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান।
দিনভর আন্দোলনের পর শিক্ষার্থীদের একাংশের দাবি, বিভিন্ন জেলায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ এবং সামগ্রিক পরিস্থিতির কারণে বুধবারের পরীক্ষা স্থগিত করা উচিত। তাদের মতে, এমন পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত।
অন্যদিকে অনেক পরীক্ষার্থী মনে করছেন, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া উচিত।
ঢাকার এক পরীক্ষার্থী ইশরাত জাহান বলেন, ‘পরীক্ষা স্থগিত করা উচিত হবে না। আমরা প্রস্তুতি নিয়েছি এবং পরীক্ষা দিতে চাই।’
অন্যদিকে আহসান হাবীব নামে আরেক পরীক্ষার্থী বলেন, ‘দিনভর আন্দোলন, পুলিশের লাঠিচার্জ ও বিভিন্ন জায়গায় সংঘর্ষের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপে রয়েছে। এ অবস্থায় পরীক্ষা স্থগিত করা উচিত।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড থেকে বুধবারের (১৫ জুলাই) পরীক্ষা স্থগিত কিংবা সময়সূচি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে জানান, ‘এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত বা রুটিন পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।’
ফলে নতুন কোনো নির্দেশনা না এলে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা।
