

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন।’
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রেই তাদের প্রতিশ্রুতি থেকে সরে গেছে।’
তিনি আরও বলেন, জনগণ আবারও আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।
বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘চট্টগ্রামের বন্যাকবলিত অনেক এলাকায় এখনও প্রয়োজনীয় সহায়তা পৌঁছেনি। মানুষ দুর্ভোগে থাকলেও মন্ত্রীরা বিদেশ সফরে ব্যস্ত।’
তিনি আরও দাবি করেন, ‘সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যা মোকাবিলায় জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দিয়েছে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।