

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯-এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব -৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে র্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে তাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও সিএনজিটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মো. মুজাহিদ মিয়া (২৫), পিতা- মৃত মহব্বত আলী এবং একই গ্রামের মো. হাব্বির রহমান (৬৫), পিতা- মৃত ইমান আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
