

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর উপজেলার উচাইল স্কুলবাড়ি মাঠে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করতে গিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতদের কেউ গুরুতর নন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য উচাইল স্কুলবাড়ি মাঠে স্থানীয় উদ্যোগে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ি এলাকার দুই ব্যক্তির মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।