

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২)কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাসিন্দা এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার অনুযায়ী, তাওহিদ তাহারুল ইসলাম তার মামি রেহেনা বেগমের বাড়িতে অবস্থান করে চাকরি করতেন। সেই সুবাদে তিনি ভুক্তভোগীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের আশ্বাসে প্রলুব্ধ করার চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রেহেনা বেগমের সহযোগিতায় ভুক্তভোগীকে একটি ঘরে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়। পরবর্তীতে একই কৌশলে একাধিকবার ধর্ষণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া, ভুক্তভোগীর পরিবার বিয়েতে সম্মতি না দিলে ২০২৪ সালের ২১ মে তাকে বিয়ের আশ্বাস দিয়ে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গত ১৯ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান পলাতক আসামি তাওহিদ তাহারুল ইসলামকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।