

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক ও মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫)। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ ছাড়া মানবপাচারে সহযোগিতার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) ও মোহনপুর গ্রামের রাহুল (২২) নামে আরও দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দলের হাতে তিনি ধরা পড়েন।
আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।