রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজিবাজার রেলস্টেশনের ৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান তাহেরীর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:২১ এএম
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি
expand
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নে সর্বস্তরের জনগণের উত্থাপিত ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী (প্রতীক-মোমবাতি)।

শনিবার (১৬ মে) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, শাহজিবাজার রেলস্টেশন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে যাত্রীসেবায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। জনস্বার্থে দ্রুত স্টেশনটির উন্নয়ন ও সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়নে ৪ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-

১. আন্তঃনগর ট্রেন পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেসের শাহজিবাজার স্টেশনে স্টপেজ নিশ্চিত করা।

২. স্টেশনের রেললাইন নান্দনিকভাবে মেরামত ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা।

৩. আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিমডেলিংয়ের মাধ্যমে নতুনভাবে স্টেশন নির্মাণ করা।

৪. স্টেশন এলাকা ও আশপাশে চুরি ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

তিনি আরও বলেন, শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে না, বরং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন