বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত; উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিজিবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ এএম
মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, উদ্ধারকাজে বিজিবির তৎপরতা
expand
মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, উদ্ধারকাজে বিজিবির তৎপরতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকায় জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সিলেটগামী ট্রেন (নং-৯৫১)-এর পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন মনতলা বিজিবি বিওপি থেকে একটি বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়। এ সময় স্থানীয়দের সম্ভাব্য লুটপাট প্রতিরোধে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিজিবির একাধিক টহল ও সহায়ক দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। লাইনচ্যুত বগি থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংরক্ষণ ও অপচয় রোধে সদস্যরা কন্টেইনার, জারকিন ও ড্রাম ব্যবহার করে তেল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন।

সংগৃহীত তেল পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এদিকে, বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধারকাজ, লুটপাট প্রতিরোধ এবং দ্রুত রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন