

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের নরসুতপুর গ্রামের এড়িয়া বাঁধের পাড় সংলগ্ন খোয়াই নদীর ভেতর থেকে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ১০টি ডাম্প ট্রাক আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলায় খোয়াই নদী থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এতে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ মৌওলার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত ১০টি ডাম্প ট্রাক আটক করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন এ চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ ধরনের অবৈধ মাটি উত্তোলন শুধু পরিবেশের জন্যই হুমকি নয়, বরং নদীর স্বাভাবিক প্রবাহ ও এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, প্রকৃতি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সচেতন ও সোচ্চার হতে হবে।
এবিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ট্রাকগুলো আপাতত রাস্তা থেকে সরিয়ে ডাম্পিং করা হচ্ছে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন