শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিঁধ কেটে গৃহবধূর ঘরে ঢোকেন চারজন, এরপর যা ঘটল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত
expand

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় করা মামলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের আকবর শেখ (৩৫) এবং একই গ্রামের সোহাগ গাজী (৩৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় ওই দুই যুবক ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০ অগাস্ট ওই গৃহবধূর স্বামী কৃষি শ্রমিকের কাজ করতে অন্য জেলায় যান। তিন সন্তানকে নিয়ে ওই গৃহবধূ রাতে ঘরে ঘুমাতেন। এ সুযোগে মঙ্গলবার রাত ২টার দিকে সিঁধ কেটে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন চার ব্যক্তি।

তিনি বলেন, এ সময় সন্তানদের মুখ চেপে রেখে গৃহবধূকে ধর্ষণ করেন তারা। ঘটনার সময় ওই নারী নিজেকে বাঁচাতে আকবরের ডান হাতের আঙুল কামড়ে ধরেন। এতে আকবর ক্ষিপ্ত হয়ে গৃহবধূর মুখে ঘুষি দিয়ে তিনটি দাঁত ভেঙে দেন। এক পর্যায়ে ছেলে-মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে তারা পালিয়ে যান।

তিনি বলেন, পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, গভীর রাতে চারজন ঘরে ঢুকে আমাকে নির্যাতন করেছে। তখন আকবর ও সোহাগকে চিনতে পারি। বাকি দুজনকে চিনতে পারিনি। আকবর আমার তিনটা দাঁত ভেঙেছে।

ওসি আইয়ুব আলী বলেন, মামলার পর আকবর ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank