

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে শুরু হওয়া এই টহল রাতে জেলার বিভিন্ন এলাকাতেও চালানো হয়।
র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এসব স্থানে যানবাহন ও চলাচলকারীদের ওপর নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্স এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেখানে পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


