সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ী থানা থেকে কনস্টেবল সালামকে রাজকীয় বিদায়

​গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
কনস্টেবল সালামকে রাজকীয় বিদায়
expand
কনস্টেবল সালামকে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৯ বছরের নিরবচ্ছিন্ন সেবা শেষে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসরে গেলেন কনস্টেবল মো. আব্দুস সালাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় কর্মরত অবস্থায় তার এই দীর্ঘ পেশাদার জীবনের সমাপ্তি ঘটে। একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্য হিসেবে সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন।

আব্দুস সালাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান এলাকার মৃত হোসেন আলী সরকারের ছেলে। পারিবারিক ঐতিহ্য আর সততাকে পুঁজি করেই তিনি দীর্ঘ চার দশক পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

গত বছরের জুন মাসে ঢাকা জেলা থেকে বদলি হয়ে কোনাবাড়ী থানায় যোগ দেন আব্দুস সালাম। সেখানে দায়িত্ব পালনের অল্প সময়ের মধ্যেই তার অমায়িক ব্যবহার এবং কাজের প্রতি একাগ্রতা সবার নজর কাড়ে। তার বিদায়ে থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের মতে, সালাম কেবল একজন সহকর্মীই ছিলেন না, বরং ছিলেন একজন অভিভাবকতুল্য।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুস সালাম বলেন,কর্ম জীবনে ৩৯ বছরের এই দীর্ঘ পথচলায় আমি চেষ্টা করেছি মানুষের সেবা করতে। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তবে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি সবাইকে খুব মিস করবো। জীবনের বাকি সময়টুকু আমি ইবাদত-বন্দেগি আর পরিবারের সাথে কাটাতে চাই।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জালাল উদ্দীন বলেন,আব্দুস সালাম অত্যন্ত সুশৃঙ্খল এবং নিবেদিতপ্রাণ একজন সদস্য ছিলেন। দীর্ঘ ৩৯ বছর সুনামের সাথে চাকরি শেষে তিনি পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) ছুটিতে যাচ্ছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।

অনুষ্ঠান শেষে প্রথা অনুযায়ী তাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে সসম্মানে বিদায় জানানো হয়। ৩৯ বছরের দীর্ঘ কর্মজীবন শেষে একজন সাধারণ কনস্টেবলের এমন সম্মানজনক বিদায় নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন