মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
মহাসড়কে তীব্র যানজট
expand
মহাসড়কে তীব্র যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের স্রোত নেমেছে মহাসড়কে।

অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট দেখা যায়।

যাত্রীরা জানান, যেখানে স্বাভাবিক ভাড়া ৫০০ টাকা, সেখানে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যাত্রীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাড়ি।

সোমবার বিকেল থেকেই গাজীপুরের চার শতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকে সড়কে যাত্রীচাপ বাড়তে থাকে।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাতভর অপেক্ষার পর আজ সকাল থেকে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে মানুষ বাড়ির পথে রওনা হচ্ছেন।

এক যাত্রী জানান, রাতেই বাড়ির উদ্দেশে রওনা হলেও যানজটে আটকে পড়েন তিনি। সকালে এসে নতুন করে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাও বাড়তি ভাড়া দিয়ে।

গাজীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ছুটিতে শ্রমিকদের বাড়ি ফেরা এবং অতিরিক্ত যাত্রীচাপের কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও নজর রাখা হচ্ছে এবং প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X