

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্যের শেষ দিকে ভুলবশত ওই শব্দ উচ্চারণের পরপরই বক্তা ‘সরি, সরি’ বললেও এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ‘জয় বাংলা’ শব্দটি বেরিয়ে যায়।
তিনি বলেন, ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলার সময় মুখ ফসকে ‘জয় বাংলা’ উচ্চারণ হয়ে যায়। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল ছিল এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো নির্দিষ্ট মতাদর্শের সম্পর্ক নেই।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি সবাই যেন ভুল হিসেবে বিবেচনা করেন। একই সঙ্গে সাদুল্লাপুরের বাসিন্দা, দলের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জীবনের কোনও সময়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাইবান্ধায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। পরে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত ওই নোটিশে ঘটনাটি সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, শফিজল ইসলাম ও এস এম খাদেমুল ইসলাম খুদি আগে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম বর্তমানে পেশায় মাংস ব্যবসায়ী এবং তিনি সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।