শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসর রাতেই নববিবাহিত যুবকের মৃত্যু, সকালে মিলল ঝুলন্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
expand
বাসর রাতেই নববিবাহিত যুবকের মৃত্যু, সকালে মিলল ঝুলন্ত লাশ

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি ফাঁকা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জামাল ফকির (২৮), তিনি পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল ছিলেন সেজো।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন জামাল। রাতে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার শেষে দুজন একসঙ্গে ঘুমাতে যান।

নববধূ জানান, সকালে গ্রামের মানুষ চিৎকার করতে শুরু করলে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। দরজা খুলতে গেলে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। কিছুক্ষণ পর স্থানীয়রা দরজা খুলে দিলে তিনি দেখতে পান, তার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।

স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে জামালের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে বাসর ঘরে ছিলেন নববধূর সঙ্গে। সকালে বাড়ির পাশে বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের ধারণা, ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন