

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুরে ইউনিয়ন পরিষদের সদস্য সলেমান ফকিরের উদ্যোগে আজ (বুধবার) বিকেলে যাত্রাপালার আয়োজন করা হয়।
তবে ওই আয়োজনকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহলের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ আয়োজনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এর ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার আলেম-ওলামা ও স্থানীয় বিশিষ্টজনেরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়।
সন্ধ্যার পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।
স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।
যাত্রাপালা আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সলেমান ফকির বলেন, স্থানীয়দের অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম মাত্র। এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। হুজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করা হয়েছিল, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এ ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল। জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।
মন্তব্য করুন