শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বাধায় জামায়াতের যোগদান অনুষ্ঠান পণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম
সালথায় বিএনপির বাধায় জামায়াতের যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা পণ্ড
expand
সালথায় বিএনপির বাধায় জামায়াতের যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা পণ্ড

ফরিদপুরের সালথায় বিএনপির নেতাকর্মীদের বাধায় জামায়াতে ইসলামী ঘোষিত যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন সংগঠনটির উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ।

অধ্যাপক মুরাদ জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার বিকেল ৩টায় রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ফরিদপুর-২ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী উপস্থিত থাকার কথা ছিল।

তার অভিযোগ, স্থানীয় বিএনপি একই সময় একই স্থানে সভা আহ্বান করে বাধা দেয়। আমাদের অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করা হয় এবং যারা জামায়াতে যোগ দিতে চেয়েছিলেন, তাদের হুমকি-ধামকি দেওয়া হয়, বলেন তিনি।

অধ্যাপক মুরাদ আরও জানান, বিএনপি পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে জামায়াতের কর্মসূচিতে বাধা দিচ্ছে। “আমরা সংঘাতে যেতে চাই না,

তিনি বলেন, “তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের ওসিকে জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে উভয় দলকেই সভা না করার পরামর্শ দেওয়া হয়। আমরা তা মেনে নিয়েছি।”

তিনি আরও বলেন, আমাদের সভা-সমাবেশে এত দিন কোনো বাধা আসেনি। তবে আজকের ঘটনার কারণে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তবু প্রশাসনের অনুমতি নিয়ে আবারও ওই স্থানে সভা করব - ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওলিউজ্জামান ও জামায়াত নেতা কাজী সায়েম প্রমুখ।

এ বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, শুনেছি ওই সভায় বিএনপির এক নেতা জামায়াতে যোগ দেওয়ার কথা ছিল। এ কারণেই কিছু নেতাকর্মী সেখানে বাধা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন