শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ: নিজেকে বিএনপির কর্মী দাবি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শ্রমিক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. রফিকুল ইসলাম নামে এক স্থানীয় নেতা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বারগট্টি গ্রামে নিজ বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

রফিকুল ইসলাম সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওই গ্রামের মৃত রহমান মেম্বারের ছেলে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। অতীতে উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কখনো যুক্ত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে, তা আমি জানি না।”

তিনি আরও বলেন, “আমি আজ থেকে জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। প্রয়াত কে. এম. ওবায়দুর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি এবং এখনো বিএনপির কর্মী হিসেবে আছি, ভবিষ্যতেও থাকব।”

রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ প্রদান করে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “আমি কখনো আওয়ামী লীগ করিনি। বরং আওয়ামী লীগের চাপে বহুবার হামলা-মামলার শিকার হয়েছি, এমনকি মিথ্যা মামলায় জেলও খেটেছি। আমার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে, আজ থেকেই তা প্রত্যাহার করলাম।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ শেখ, মো. ইছাক মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, বকুল মাতুব্বর, গোপাল চন্দ্র মালো, বেলায়েত খাঁ ও সেলিম তালুকদার প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন