বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
জনসভায় দিনাজপুরবাসীর কাছে চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
জনসভায় দিনাজপুরবাসীর কাছে চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

“আমি দিনাজপুরের নাতি। বহু বছর পর নানি বাড়ি আসছি। এখন নানি বাড়িতে আসছি, কিছু তো খাওয়ালেন না আপনারা। তাহলে একটি জিনিস দিতে হবে—আমাকে ধানের শীষে ভোট দিতে হবে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় দিনাজপুরবাসীর কাছে এমন আবদার জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দিনাজপুর সারাদেশ ও বিশ্বে একটি কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। এই এলাকার বিখ্যাত লিচুকে সবাই চেনে। আমরা এই কৃষিপ্রধান অঞ্চলকে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্পে উন্নীত করতে চাই। এছাড়া লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হবে। লিচু সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে। এ ছাড়া দিনাজপুরে উৎপাদিত আম প্রক্রিয়াজাত করার জন্য সংশ্লিষ্ট সব কোম্পানি এখানে আনা হবে।

তারেক রহমান আরও বলেন, “যে বাংলাদেশে আমার ভাই নিরাপদে থাকবে, নিরাপদে চাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে এবং নিশ্চিতে রাতে ঘরে ঘুমাতে পারবে। সেই বাংলাদেশে মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বিচার করা হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে। আমাদের পরিচয় হবে আমাদের মেধা ও যোগ্যতা দিয়ে, ধর্ম বা জাতি নয়। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

তিনি উল্লেখ করেন, “আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, যার জন্য ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। জুলাই যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি, গণতন্ত্র উদ্ধার করেছি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে দেশকে পুনর্গঠন করা।”

তারেক রহমান বলেন, “আজ আমি আমার রাজনৈতিক প্রতীক সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। তবে তা জনগণের উপকার করবে না। জনগণের উপকার হবে তখনই, যখন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করব।”

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন