সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি
expand
বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

ঢাকার আশুলিয়ায় রাতের আঁধারে এক বিএনপি নেতা ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য মেম্বার প্রার্থীর বাড়ির ফটকে তাজা গুলি, কাফনের কাপড় ও হত্যার হুমকি সংবলিত চিঠি পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব।

এর আগে এদিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় ওই বিএনপি নেতার নিজ বাড়ির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকায় প্রচারণায় রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অজ্ঞাত এক ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির গেটে একটি ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি খুলে ভেতরে এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, সাবান এবং হাতে লেখা একটি হুমকি সংবলিত চিঠি দেখতে পান।

হাতে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, "প্রিয় ইসমাইল মোল্লা চাচা ক্ষনিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবার এর লোকজন যেভাবে উড়তেছেন এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নয়া বেশি উইড়েন না তা হলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না। কারণ এই জগত সংসার হরেক রকম এর মানুষের বসবাস, ভালোবেসে শেষ বিধায় এর সকল কিছু দিয়ে পাঠালাম যদি মনে হয় নিজেদের সংসোধন কররেন তাহলে কোন ঝামেলা নেই, কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন তাহলে অপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালে এর ঠিকানাতে চলে যাবেন।" চিঠির শেষে প্রেরক হিসেবে লেখা রয়েছে "ইতি, অদৃশ্য মুসাফির"।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা বলেন, "ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নিশ্চিহ্ন করার উদ্দেশে এই নেক্কারজনক কাজ করেছে।"

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, তাজা গুলি ও হুমকি সংবলিত চিঠি আলামত হিসেবে সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন