সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: আমান উল্লাহ 

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান
expand
বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান

গণতন্ত্র ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি ফাইজুন্নিসা মহিলা মাদ্রাসা এলাকায় এক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা ২০২৪ সালের বিজয় অর্জন করেছি। এই বিজয় শুধু একটি রাজনৈতিক অর্জন নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্রের বিজয়। এখন সেই বিজয়কে টেকসই করতে হলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দরকার।

তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে ভোটাধিকার হরণ করা হয়েছে এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের একটি বড় দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই দূরত্ব ঘোচাতে হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়- এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।বিএনপির এই নেতা বলেন,

১২ ফেব্রুয়ারি সকালে আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবেন।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জসহ ঢাকা-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিনি কাজ করবেন।

দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে আমান উল্লাহ আমান রাজাবাড়ি, মালিভিটা, রসুলপুর, পিছলাকান্দি, চর কুন্দুলিয়া, কাইজার চর, আউরাহাটি, দরিগাঁও হয়ে বালুরটেকসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। পথে পথে তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X