সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাতামুহুরীতে অস্ত্রের কারখানার সন্ধান, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
মাতামুহুরীতে অস্ত্রের কারখানার সন্ধান, ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬
expand

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কথিত ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানা মিলনায়তনে প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।

সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে ঘরটি ঘেরাও করে পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালকাচা পাড়ায় অভিযান চালিয়ে শহর বানুকে গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম, ক্লিনিং রড ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে শহর বানুর বসতঘরের পেছনের পুকুর থেকে একটি প্লাস্টিকের বস্তায় ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়। সব মিলিয়ে ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতদের কাছে অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত। চকরিয়া ও মাতামুহুরীর আশপাশের এলাকায় সড়ক ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank