

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃত মাদকের মূল্য দেড় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।শুক্রবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত পিলার বিপি-২৬ থেকে আনুমানিক ৪০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে এবং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
টহল দল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার থেকে ১ জন সন্দেহভাজনকে বাংলাদেশের ভেতরে আসতে দেখলে তল্লাশির জন্য এগিয়ে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দ্রুত খালে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রঙিন লুঙ্গি দিয়ে মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর টহল দল পুনরায় এলাকায় ওঁৎ পেতে অবস্থান করে। কিছুক্ষণ পর, রাত ১০টা ৪৫ মিনিটে, আরেকজন চোরাকারবারীকে আসতে দেখা গেলে তাকে ধাওয়া করা হয়। তবে তিনিও খালে ঝাঁপিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ওই স্থান থেকে লাল গামছা মোড়ানো প্যাকেটের ভেতর আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এভাবে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
ঘটনার পরপরই পলাতক চোরাকারবারীদের ধরতে বিস্তৃত চিরুনি অভিযান চালানো হলেও তারা সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন