শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষক পেলেন আমন ধানের বীজ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’কে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এ সময় চকরিয়া ও মাতামুহুরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী জানান, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মাতামুহুরী উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বন্যার ক্ষত কাটিয়ে কৃষকদের দ্রুত আমন আবাদে ফিরিয়ে আনতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কাজ করছে। কৃষকদের দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

আমন ধানের বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করে কৃষকেরা জানান, "বন্যায় আমাদের বীজতলা ও জমির অনেক ক্ষতি হয়েছে। বীজ কেনার সামর্থ্য ছিল না। সরকারি এই সহায়তা আমাদের অনেক উপকারে আসবে। এতে আবার আমন চাষ শুরু করতে পারব।"

প্রসঙ্গত, সম্প্রতি বন্যায় মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় আবাদে ফিরিয়ে আনতে সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এ বীজ বিতরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন