

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরার মাঠ এলাকায় ভয়ংকর বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা ৪৩ মিনিট এবং ১টা ৪৬ মিনিটে, মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই দফা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পুরো চেরার মাঠ ও আশপাশের এলাকা।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের উৎস ছিল মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি, বিশেষ করে ৪৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা।
এ বিষয়ে ওই এলাকার মাদ্রাসা শিক্ষক মো. আইয়ুব বলেন, “আমার জীবনে এত বড় বিস্ফোরণের আওয়াজ শুনিনি। এটা নিশ্চিতভাবেই সীমান্তের ওপার থেকে এসেছে।”
একই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ বলেন, “আমি ঘটনাস্থলেই ছিলাম, দুই দফা ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। পুরো এলাকা কেঁপে ওঠে।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফয়েজ ও ইব্রাহিমের ভাষ্য, বিস্ফোরণের উৎসস্থল মিয়ানমার সীমান্তের ওই অংশটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাদের ধারণা, হয়তো বিদ্রোহীদের দমন করতে মাটির নিচে পুঁতে রাখা স্থলমাইনই বিস্ফোরিত হয়েছে। সম্ভবত কোনো জীবজন্তু বা চোরাকারবারির পায়ে স্পর্শ পাওয়ায় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানায়, আরাকান আর্মিরা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অংশ নিচ্ছে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় স্থলমাইন পুঁতে রাখছে বলে ধারণা করা হচ্ছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন