

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


"কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে — এ ফয়সালা একমাত্র মহান আল্লাহ তাআলার এখতিয়ার।
মানুষ আগেভাগে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না," — এমন মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্রাক্তন হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, “আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ করি — এসব ইবাদত। কিন্তু এতকিছুর পরও কেউ নিশ্চিত জান্নাতি বলে দাবি করতে পারে না। কিয়ামতের দিন বিচার করবেন কেবল আল্লাহ।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমানে একটি মহল প্রচার করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে এবং জান্নাত নিশ্চিত হবে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এমন বক্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, বরং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার এক অপচেষ্টা। ইসলাম কোনো প্রতীকের ওপর প্রতিষ্ঠিত হয় না; ইসলাম প্রতিষ্ঠিত হয় ইনসাফ, সদাচরণ এবং ন্যায়ের ভিত্তিতে।”
শাহজাহান চৌধুরী আরও বলেন, “বিএনপি একটি জনবান্ধব দল। দেশের মা-বোনেরা এই দলে আস্থা রাখেন। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে এবং প্রতিদিনের আহার নিশ্চিত হবে। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকব, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেব না।”
টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম ভুলু।অন্যান্যদের মধ্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী,টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও টেকনাফ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন