শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ক্যাম্পের বাইরে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা আটক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের আশ্রয়দাতা স্থানীয় এক নারী গৃহকর্ত্রীকেও আটক করে র‍্যাব।

আটককৃত নারী হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের নুর আলমের স্ত্রী মোছা. ইয়াছমিন আক্তার (৩৪)। তিনি বাড়ির মালিক বলে জানা গেছে। আটক ইয়াছমিনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আশ্রয়দাতা বাড়ির মালিকরা অভিযান চলাকালে পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পূর্ব পানখালী এলাকার একাধিক ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, এসব রোহিঙ্গা ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে স্থানীয়ভাবে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এদের মধ্যে কেউ কেউ অপহরণ, খুন, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে লোকালয়ে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব নিয়মিতভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন